কমলগঞ্জে ফ্যানের সাথে ঝুলছিল যুবতীর লাশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নাইমা আক্তার (২০) নামে এক যুবতী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত নাইমা আক্তার ওই গ্রামের আব্দুল কাদিরের মেয়ে। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাইমার চাচা খলিল মিয়া জানান, গত রমজান মাসে নাইমার বিয়ে পাকাপাকি হয়েছিল। তার হবু স্বামী প্রবাসে থাকেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসী হবু স্বামীর সাথে মুঠোফোনে কথা কাটাকাটির জের ধরে মানসিকভাবে ভেঙে পড়ে নাইমা এই আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি-তদন্ত) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাইমা আক্তার ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

