কমলগঞ্জে ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স
মৌলভীবাজারের কমলগঞ্জে ২৫ থেকে ২৭ মে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা ভূমি অফিস, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল সাফিন। তিনি বলেন, ভূমি উন্নয়ন কর প্রদানের অনলাইন রেজিস্ট্রেশন এবং দাখিলা প্রদানসহ সকল সেবা মেলায় সহজভাবে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হবে। ই-নামজারি, অনলাইন আবেদন আপলোড ও ভূমি কর প্রদানের ব্যবস্থা মেলায় দিনব্যাপী চালু থাকবে।
তিনি আরও জানান, মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, ভূমি বিষয়ক অভিযোগ গ্রহণ ও সমাধান, সেবাবুথে সার্বক্ষণিক কর্মকর্তার উপস্থিতি এবং সচেতনতামূলক লিফলেট ও বুকলেট বিতরণ করা হবে। এছাড়া ভূমি সেবা সহায়তা কেন্দ্রের বুথে নির্ধারিত রেট অনুযায়ী সেবা প্রদান করা হবে।
মেলার উদ্বোধনী দিনে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। প্রেস কনফারেন্সে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্স শেষে ভূমি মেলাকে কেন্দ্র করে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

