মাধবপুরে ট্রাক ও পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত অনুমান ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে সংঘটিত ঘটনায় গুরতর আহত ৫ জন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে রজব আলী (৩৮), জহুর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০) ও পিকআপ চালক মুন্সিগঞ্জে জেলার সিরাজদিখান উপজেলার পংশি-পুরা গ্রামের মালেক মিয়ার ছেলে রহিম (২১)।
পুলিশ জানায়, ঢাকাগামী ট্রাক নাম্বার চট্ট মেট্রো ট ১১-৬৩৩১ এবং পিক-আপ নাম্বার ঢাকা মেট্রো ন-১৯-৮৭৯১ এর মুখোমুখি সংঘর্ষে ২ জন পুরুষ এবং ২ জন মহিলাসহ, ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আবদুলাহ আল মামুন জানান, বাসা বাড়ির মালামাল সহ পিকআপ টিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিল। ট্রাক এবং পিকআপ টি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি এটিএম মাহমুদুল হক জানান নিহতরা পিকআপে করে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে বানিয়াচংয়ের গ্রামের বাড়িতে যাওয়ার সময় বাখরনগরের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

