আইনী লড়াইয়ে প্রার্থীতা ফিরে পেলেন স্বপন, স্বপ্ন ভাঙলো ফারুকের
গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দই জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে একজন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারুক আহমদ অন্যজন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শাহ আলম স্বপন। তবে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ঋণ খেলাপি ও একটি মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় ২৩ এপ্রিল শাহ আলম স্বপনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
এরপর ২৯ এপ্রিল আপিল নিষ্পত্তিতেও তথ্য গোপন করায় স্বপনের মনোনয়নপত্র আবারো বাতিল করা হয়। তবে অবশেষে মঙ্গলবার হাইকোর্টের আদেশে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম স্বপন প্রার্থীতা ফিরে পেয়েছেন।
এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়ার স্বপ্ন ভেঙে গেলো প্রার্থী ফারুক আহমদসহ তাঁর কর্মী সমর্থকদের।
অন্যদিকে শাহ আলম স্বপনের সমর্থকরা অনেকটা নিরাশ হয়ে পড়েছিলেন। অবশেষে তাদের মুখেও হাসি ফুটেছে। চেয়ারম্যান প্রার্থী স্বপন আইনি লড়াইয়ে তাঁর প্রার্থীতা ফিরে পেয়েছেন। এখন নির্বাচনী লড়াই জমে উঠার অপেক্ষায় ভোটাররা।
আদালতের নির্দেশে শাহ আলম স্বপন প্রার্থীতা ফিরে পাওয়ায় তার কর্মী সমর্থকদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। পাশাপাশি উপজেলাবাসী চেয়ারম্যানপদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।
এদিকে চেয়ারম্যান পদে শাহ আলম স্বপন প্রার্থীতা ফিরে পাওয়ায় উপজেলার ভোটার ও অন্যান্য প্রার্থীরা আনন্দিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেলে নির্বাচনী আমেজ স্মান হয়ে যেতো। এখন নির্বাচনী লড়াই দেখার অপেক্ষায় গোয়াইনঘাট উপজেলাবাসী।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করছেন গোলাম আম্বিয়া কয়েছ, সাংবাদিক মো. ইসলাম আলী, কুতুব উদ্দিন, ফারুক আহমদ।
এ উপজেলা ২মে প্রতিক বরাদ্দ ও ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
