অবশেষে বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত
নানা নাটকীয়তার মধ্যে দিয়ে বিয়ানীবাজার উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধাবিভক্তি।
বুধবার পূর্ব নির্ধারিত কৃষক লীগের সম্মেলন উপজেলার দুবাগ ইউনিয়নের সেলিমবাগ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
তবে সম্মেলনকে ঘিরে মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ফেইসবুকের পেইজে লাইভে এসে সম্মেলনকে স্থগিত রাখার অনুরোধ জানান।
এসময় তিনি পৌর নির্বাচনের পূর্বে সম্মেলন করলে নির্বাচনে দলীয় প্রার্থীর জন্য ক্ষতিক্ষর বলে ঘোষণা দেন এবং পৌর নির্বাচনে নৌকার ভরাডুবি হলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এজন্য দায়ী থাকবেন বলে ও জানান।
তার এ বিবৃতির পর তার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ ও সিলেট জেলা কৃষক লীগ।
এদিকে কেন্দ্রীয় কৃষক লীগ এক বিবৃতিতে পূর্ব নির্ধারিত বুধবার উপজেলা কৃষকলীগের সম্মেলন স্থগিত করতে সিলেট জেলা কৃষক লীগ বরাবর বিবৃতি পাঠায় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ও প্রচার হয়।
এনিয়ে বিয়ানীবাজার উপজেলায় নেতাকর্মীদের ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। সম্মেলনকে ঘিরে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ফেইসবুকে বিষদাগার করতে থাকেন ।
এদিকে সম্মেলনের দিন দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের ফেইসবুক আইডি থেকে কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির স্বাক্ষরিত একটি বিবৃতিতে সম্মেলন স্থগিতের নির্দেশনা ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের সঙ্গে যোগাযোগ করলে তিনি সম্মেলন স্থগিতের কেন্দ্রীয় নির্দেশনার সত্যতা নিশ্চিত করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। পরে সম্মেলনে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস সামাদকে সভাপতি ও সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এদিকে কেন্দ্রীয় সাংগঠনিক বিবৃতিকে উপেক্ষা করে সিলেট জেলা কৃষক লীগ সম্মেলনের মাধ্যমে বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষণা করে।
নবগঠিত কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী মুঠোফোনে জানান, সম্মেলন স্থগিতের কোনো কেন্দ্রীয় নির্দেশনা তারা পাননি। জেলা নের্তৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এসময় তাকে কেন্দ্রীয় বিবৃতির কথা জানালে তিনি এটিকে ভুয়া বলে দাবি করেন।
