ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই, সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি নিয়োগ করা হবে
বিয়ানীবাজারে নির্বাচন কমিশনার আনিসুর রহমান
বিয়ানীবাজার পৌর নির্বাচনে আচরণবিধি প্রতিপালন বিষয় নিয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের।
রোববার সকাল ১১ টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইমেজ সৃষ্টিতে বদ্ধ পরিকর। সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি নিয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, ১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছু সাংবিধানিক দায়িত্ব নিয়ে করবো। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরো বলেন, ইভিএম মেশিনে কোনো ত্রুটি নেই বলে পরীক্ষা-নীরিক্ষা করে বিজ্ঞজনরা অবহিত করেছেন। এই মেশিনের সবকিছু যেকোন সময় দেখা যাবে। ইভিএম-এ ভোট কারচুপির কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ভোট শুরুর পর শূণ্য থেকে গননা হচ্ছে কি-না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, অফিসার ইনচার্জ হিল্লোল রায় এবং প্রতিদ্বন্দ্বি মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা।
উল্লেখ্য, যে আগামী ১৫জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
