শ্রীমঙ্গলে আহত বিরল সোনালি হনুমান উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার পাশ থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির সোনালি হনুমান উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে উন্নত চিকিৎসার জন্য প্রাণীটিকে লাউয়াছড়ার জানকিছড়া বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কামাসিদ এলাকায় রাস্তার পাশে হনুমানটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা প্রথমে প্রাণীটির মুখে পানি দেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দা মো. কুরুশ মিয়ার বাড়িতে নিয়ে যান।
ঘটনাটি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগকে জানানো হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তারা প্রাণীটিকে বিরল প্রজাতির সোনালি হনুমান হিসেবে শনাক্ত করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল জানান, আহত হনুমানটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য লাউয়াছড়ার জানকিছড়া বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রে পাঠানো হয়।
বন বিভাগ জানায়, উদ্ধারকেন্দ্রে নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণের মাধ্যমে হনুমানটিকে সুস্থ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

