প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের
প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহন করার পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভার অনুমোদন পেলে এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, লন্ডন, আমেরিকা, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার মরদেহ দেশে আনার খরচের অর্ধেক বহন করার পরিকল্পনা রয়েছে সরকারের। মন্ত্রিসভায় অনুমোদন পেলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
তিনি আরও বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সি আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে।
এ সময় প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা প্রদানের জন্য সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী।

