কসমেটিকস ও মহিষসহ সাড়ে ৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় কসমেটিকস, খাদ্যপণ্য ও মহিষসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৯ নভেম্বর) বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আভিযানিক দল এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা আনুমানিক ১১টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় ১০০টি ভারতীয় স্কীন সানরাইজ ক্রিম, ১০০টি নিভিয়া সফট ক্রিম, ১৭০টি বডি স্প্রে, ৯০ কেজি জিরা এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
এদিকে একই দিন পৃথক আরেকটি তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৯০ হাজার টাকা।
দুই অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৯ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

