মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ খামারে প্রশাসনের অভিযান, জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে সরকার-নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অপরাধে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি গোপীনাথপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম নিজ খামারে পরিবেশ ও দেশীয় মাছের জন্য ক্ষতিকর সরকার-নিষিদ্ধ ক্যাটফিশ চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে গোপীনাথপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫২ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার এ প্রজাতির মাছ চাষে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। জনস্বার্থে এবং নিষিদ্ধ ক্যাটফিশ চাষ বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
