শাল্লায় হত্যাকাণ্ডের পর বাড়িঘর লুটপাটের অভিযোগ, সরেজমিনে মেলেনি সত্যতা
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিজগাঁও গ্রামে গত ৩১ অক্টোবর মন্নার মিয়া (৬০) নামে এক বৃদ্ধ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর গ্রেফতার এড়াতে অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এদিকে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বাড়িঘরে লুটপাটের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে লুটপাটের অভিযোগের পক্ষে কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি। বরং সেখানে পাওয়া গেছে ভিন্ন চিত্র।
সোমবার (৯ নভেম্বর) নিজগাঁও গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আজব আলী মিয়ার বাড়িতে বসে রয়েছেন নিহত মন্নার মিয়ার ছেলে সবুজ মিয়া। বাড়ির একটি কক্ষে বেশ কয়েকজন নারীকে একসঙ্গে বসে থাকতে দেখা যায়। তাঁদের কাছে বাড়িঘরে লুটপাটের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তাঁরা স্বাভাবিকভাবে সেখানে অবস্থান করছেন বলে জানান।
এ সময় আজব আলী মিয়ার ঘরে বসে থাকা তাহমিনা বেগম নামের এক নারী বলেন, ‘গত ৩১ অক্টোবর যিনি খুন হয়েছেন, সেই মন্নার মিয়া আমার ভাই। আর এখানে যাঁকে দেখতে পাচ্ছেন, তিনি আমার ভাইয়ের ছেলে। ভাইপোর কারণে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়নি। আমরা এখনো নিজেদের ঘরেই আছি।’
এদিকে বাড়িতে একজনকে ধানের কর সংগ্রহ করতে দেখা যায়। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর নাম জিল্লুর রহমান। তাঁর বাড়ি ইয়ারাবাদ গ্রামে। তিনি অভিযুক্ত নবী হোসেনের মেয়ের জামাতা। জিল্লুর রহমান জানান, কয়েক দিন আগে শ্বশুরের সম্মতিক্রমে শ্বশুরবাড়ি থেকে গরু, গরুর বাচ্চাসহ আসবাবপত্র নিজের বাড়িতে নিয়ে গেছেন। এসব মালামাল নেওয়ার সময় কেউ তাঁকে বাধা দেননি। বর্তমানে তিনি শ্বশুরবাড়িতে ধানের কর নিতে এসেছেন।
নিহত মন্নার মিয়ার ছেলে সবুজ মিয়া, প্রতিবেশী নবু আলী ও রূপ মিয়া এবং নিহতের স্ত্রী মরিয়ম বিবিসহ পরিবারের সদস্যরা বলেন, তাঁদের বিরুদ্ধে বাড়িঘর লুটপাটের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাঁদের ভাষ্য, আপনজনকে হারিয়ে তাঁরা শোকাহত। এমন পরিস্থিতিতে অন্যের মালামাল লুটপাট করার প্রশ্নই আসে না। তাঁদের ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং কোনো বাড়িঘরে লুটপাটের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তাঁরা।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লুটপাটের বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। তাছাড়া লুটপাট করার কোনো সুযোগও নেই।’
এদিকে অভিযুক্ত আজব আলী মিয়ার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
