হাম উপসর্গে আরও দুই জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ নভেম্বর ) সকাল ৮টা থেকে সোমবার (৯ নভেম্বর ) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪০ জন।
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৭৯ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৮৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮১ জনের। মোট ১ হাজার ৪৪০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৪ হাজার ২৫১ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫২৩ জনের।

