জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মন্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ এবং পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন পৌরসভার সহকারী প্রকৌশলী শিতেশ গোস্বামী, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিনহা, শিক্ষক সালেহ আহমদ এবং সাংবাদিক শাহ ফুজায়েল মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, যুবসমাজই একটি দেশের প্রাণশক্তি ও পরিবর্তনের প্রধান কারিগর। দক্ষ যুবসমাজ গড়ে তুলতে পারলে দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাবে। তিনি যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পরিষদ প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুবক ও যুবতীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
