জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবসের প্রস্তুতি সভা
বাঙালির লোকসংস্কৃতির অন্যতম পুরোধা ও মরমী কবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও লোককবি রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। উপজেলা ইউআরসি’র ইন্সট্রাক্টর আহসান হাবিবের সঞ্চালনায় সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, আগামী ৯ ও ১০ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় বক্তারা মরমী সাধক রাধারমণ দত্তের জীবন, দর্শন ও তাঁর সৃষ্টির নানা দিক তুলে ধরে বলেন, কবি রাধারমণ দত্ত কেবল জগন্নাথপুর বা বাংলাদেশের নন, তিনি বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ। তাঁর অমর সৃষ্টি ও গান আমাদের লোকসংস্কৃতির অমূল্য রত্ন, যা আজ বিশ্বজুড়ে সমাদৃত। রাধারমণের এই অমূল্য সৃষ্টি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তাঁর স্মৃতিকে চিরভাস্বর রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আসন্ন আয়োজনটি সফল ও সার্থক করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, জগন্নাথপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সতিশ গোস্বামী এবং শিক্ষক মোশাররফ হোসেন মুসা।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাউল শিল্পী বাবুল শাহ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মিয়া, রাধারমণ সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি আছকির আলী, সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল, আল আমিন, শিক্ষক অনন্ত পাল, ইন্দ্রজিৎ সূত্রধর ও আনোয়ার হোসেন আনু প্রমুখ।
