মাদক সেবন করে বাজারে মাতলামি, কৃষক দলের ২ নেতা আটক
সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন করে মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এবং উপজেলা কৃষক দলের নেতা আকবর আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মদ্যপ অবস্থায় তাহিরপুর বাজারে এসে ওই দুই ব্যক্তি মাতলামি ও অসংলগ্ন আচরণ শুরু করেন। এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এবং স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে এ ধরনের বিশৃঙ্খল ও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন, যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, মাদক সেবন করে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

