ফেঞ্চুগঞ্জে সয়াবিন তেল ও ডিজেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ২৩ হাজার বোতল জব্দ
সিলেটের ফেঞ্চুগঞ্জে বোতলজাত সয়াবিন তেল ও ডিজেলে পরিমাপে কম দেওয়ার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সঙ্গে একটি ভোজ্যতেল প্রস্তুতকারী কারখানা থেকে প্রায় ২৩ হাজার খালি বোতল জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কটালপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। অভিযানে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কটালপুর এলাকায় অবস্থিত ‘কুশিয়ারা এডিবল ফুড প্রোডাক্টস’ নামক কারখানায় অভিযান চালায় প্রশাসন। সেখানে প্রতি ২ লিটার সয়াবিন তেলের বোতলে ৫০ মিলিলিটার করে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। ওজনে কারচুপির এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানাটিতে মজুত থাকা ১ লিটার ধারণক্ষমতার ৮ হাজার এবং ৯০০ মিলিলিটার ধারণক্ষমতার ১৫ হাজার খালি বোতল জব্দ করা হয়।
একই অভিযানে কটালপুর বাজারের জ্বালানি তেলের দোকান ‘মেসার্স সামসুল ট্রেডার্স’-এ পরিমাপ যাচাই করা হয়। সেখানে দেখা যায়, প্রতি ১০ লিটার ডিজেল বিক্রির ক্ষেত্রে ৫০০ মিলিলিটার ডিজেল কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এ অপরাধে সামসুল ট্রেডার্সকে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার বলেন, ‘ভোক্তাদের সঠিক পরিমাপ ও ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। ওজনে কম দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
