স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি, কারো বলির পাঁঠা হব না
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশে স্থানীয় সরকার নির্বাচনের এখনো কোনো অনুকূল বা ভালো লক্ষণ দেখছি না। নির্বাচন কমিশনে দলীয় মানসিকতার অবসরপ্রাপ্ত ক্যাডার বসানো হয়েছে। সরকারদলীয় নেতারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলছেন—যেখানে তাঁদের প্রার্থী বিজয়ী হবে না, সেখানে সরকারি বরাদ্দ দেওয়া হবে না। এভাবে ভয়ভীতি দেখিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড চাই। তা নিশ্চিত হলেই নির্বাচনে অংশ নেব; আমরা কারো ‘বলির পাঁঠা’ (এসকেপগোট) হতে চাই না।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলরুমে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ জেলা মৌলভীবাজারে এটিই জামায়াত আমিরের প্রথম সফর।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন, অথচ তাঁর মূল দায়িত্ব নিজের মন্ত্রণালয় ঠিক রাখা। সমাজে না মাদক নিয়ন্ত্রণ হলো, না অবৈধ অস্ত্র উদ্ধার হলো। রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি নেই। সরকারের পক্ষ থেকে বলা হয় আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো, কিন্তু এই ‘আগের চেয়ে ভালো’র মাপকাঠি কী—তা বোধগম্য নয়।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ। এখানে সমাজের দোষ-ত্রুটি নির্ভীকভাবে ফুটে ওঠার কথা। তবে অতীতে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা তৈরিতে গণমাধ্যমেরও দায় ছিল। ১৯৭৫ সালে দেশে গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর প্রথম চরম আঘাত এসেছিল এবং চারটি পত্রিকা বাদে বাকি সব বন্ধ করে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। তিনি গণমাধ্যমকর্মীদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান।
জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ।
এর আগে সকালে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জামায়াত আমিরকে দলের শীর্ষ নেতারা অভ্যর্থনা জানান। পরে সকাল ৯টায় মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় ‘গার্ড অব অনার’ প্রদান করে।
মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। দুপুরে কোর্ট মসজিদে নামাজ আদায় ও সার্কিট হাউসে ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।
বিকালে একই স্থানে ২০২৭–২০২৮ সাংগঠনিক সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমীর নির্বাচনের লক্ষ্যে প্রায় ৬০০ রুকনের উপস্থিতিতে আয়োজিত ‘রুকন সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত আমির। জেলা নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। জামায়াত আমিরের এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
