‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ’-এর ট্রফি উন্মোচন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর। শুক্রবার রাতে সিলেট মহানগরীর বসুন্ধরা আবাসিক এলাকায় ক্রীড়ামোদী দর্শক, স্থানীয় তরুণ ও সংগঠকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের অফিশিয়াল ট্রফি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া ও মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তরুণদের মেধা ও মননের বিকাশে পড়াশোনার পাশাপাশি মাঠের ক্রীড়া চর্চা অপরিহার্য।
এ সময় তিনি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফয়জুল ইসলাম কয়েস, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, সমাজসেবক তালহা খান এবং পলাশ চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই ধারাবাহিকভাবে এ ফুটবল লীগের আয়োজন করা হচ্ছে। ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের মূল আমেজ শুরু হয়েছে এবং শীঘ্রই মাঠের জমজমাট লড়াই শুরু হতে যাচ্ছে।

