জৈন্তাপুরে কলাপাতার নিচে মিলল মাদকের বড় চালান, ট্রাকসহ আটক ৩
সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কের হরিপুর চেকপোস্টে একটি ট্রাকে অভিনব কায়দায় পাচারের সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও নগদ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হরিপুর পুলিশ চেকপোস্টে সিলেটগামী ওই ট্রাকে তল্লাশি চালিয়ে এ মাদকের চালান জব্দ করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকের ওপর কলাপাতার নিচে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে এসব মাদক সিলেট শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। তল্লাশিকালে ট্রাক থেকে ৬৪৮ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল এবং ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮৮ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৭১ নম্বরের ট্রাক (যার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা) এবং নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত আলামতের সর্বমোট আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।
আটককৃতরা হলেন— নওগাঁ জেলার পোরশা উপজেলার শিষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদ। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়া, এএসআই রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, হরিপুর চেকপোস্টে পুলিশের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মাদকের এই বড় চালানটি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

