‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি
হবিগঞ্জের মাধবপুরে এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা ছাত্রলীগের শীর্ষ এক নেতার দেওয়া হুমকি ও মন্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—এমন বিতর্কিত বক্তব্য সংবলিত ওই ফেসবুক পোস্টটি প্রকাশ্যে আসার পর স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিতর্কিত ওই স্ট্যাটাসটি দেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবু।
স্ট্যাটাসে তিনি দাবি করেন, তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিলেন। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। একই পোস্টে সম্প্রতি গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামের প্রসঙ্গ টেনে আতাউস সামাদ বাবু লেখেন— ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’ একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে এমন প্রকাশ্য হুমকির পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে ছাত্রলীগ নেতার এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত এএসআই দেলোয়ার হোসেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।
প্রকৃত ঘটনা তুলে ধরে এএসআই দেলোয়ার বলেন, ‘মূলত মাদকের একটি নিয়মিত মামলার তদন্তের স্বার্থে আমি বাবুর গ্রামের পাশের একটি এলাকায় গিয়েছিলাম। আমি তাঁর বাড়িতে যাইনি। অথচ সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে আমাকে জড়িয়ে এই ধরণের পোস্ট দিয়েছেন। সরকারি দায়িত্ব ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে ব্যক্তিগত আক্রোশ থেকে পুলিশের কিছু করার সুযোগ নেই।’
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ‘বিষয়টি পুলিশের নজরে এসেছে। একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে প্রকাশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
