কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে সীমান্তবর্তী ১৩২৮ মেইন পিলারের নিকটবর্তী সোনারখেওড় এলাকার একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিন আহমদ স্থানীয় কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাহিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা কৃষিজমিতে তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের দাবি, নিহত শাহিন আহমদ মাঝেমধ্যেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে স্থানীয় খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করত। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে কোনো এক সময় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে সে নিহত হয়েছে।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের পিঠে গুলির স্পষ্ট চিহ্ন রয়েছে। ঘটনাটি বিএসএফ নাকি অন্য কোনো অস্ত্রধারী গোষ্ঠীর দ্বারা সংঘটিত হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
নিহত শাহিন আহমদ পেশায় একজন দিনমজুর ছিলেন। তার মৃত্যুতে পরিবারে স্ত্রী ও দুই কন্যা সন্তান শোকে স্তব্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

