জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান
সিলেটে জামায়াত সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ‘জনঅধিকার প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের দায়িত্বশীলদের আরও সক্রিয় হতে হবে। জনগণের সমস্যা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে।’
শনিবার (১০ অক্টোবর) নগরীর মদিনামার্কেট এলাকায় সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পারওয়ার বলেন, ‘মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।’
দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ত্যাগ ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ ও অবিচলতার কোনো বিকল্প নেই। ব্যক্তিগত স্বার্থ ও আরাম-আয়েশ উপেক্ষা করে ঈমানি দৃঢ়তা, নৈতিক শুদ্ধতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আগে থেকেই সুপরিকল্পিত কৌশল নির্ধারণ করতে হবে। প্রার্থীর সততা, যোগ্যতা ও জনসম্পৃক্ততাকে মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি কর্মীদের মধ্যে সমন্বয় ও দায়িত্ববোধ বাড়াতে হবে।’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় শিক্ষাশিবিরে সিলেট মহানগর ও সিলেট বিভাগের চার জেলার শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার বিকল্প নেই। জনগণের অধিকার আদায়ে এবং সংগঠনের লক্ষ্য অর্জনে নিজ নিজ দায়িত্বের প্রতি সবাইকে আরও বেশি সচেতন ও আন্তরিক হতে হবে।’
শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনসহ অন্যান্যরা।

