চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিল এবং ঢাকায় বাম নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাসদ জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও সিপিবি নেতা মাশরুক জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, দেশের লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকার নৌবাহিনীর চুক্তি থাকায় এই ইজারা আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে কর্তৃত্ব তুলে দেওয়ার এই ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ বন্দর ইজারা চুক্তির এই দিনকে ‘কালো দিন’ হিসেবে আখ্যায়িত করেন। তারা ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অব বাংলাদেশ (ইনভেস্ট বাংলাদেশ) ভবনকে ‘কাশিমবাজার কুঠি’ হিসেবে উল্লেখ করেন। বন্দরের এই চুক্তির সাথে জড়িতদের ‘৭১-এর যুদ্ধাপরাধীদের মতোই সার্বভৌমত্ব বিরোধী হিসেবে চিহ্নিত করে বক্তারা বলেন, সময় এলে দেশের জনগণ এই দেশদ্রোহীদের বিচার করবে।
সমাবেশে ঢাকায় পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, গত ৮ অক্টোবর বিনিয়োগ ভবনের সামনে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করেছে। এই হামলায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয় ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

