পাটওয়ারী ইস্যুতে নাহিদ ইসলাম কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ায় হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়া লালন মাজার প্রাঙ্গণে এই হামলা চালানো হয়। ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই হামলার কড়া সমালোচনা করেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে!
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। তিনি দাবি করেন, বর্তমান বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি পঞ্চম বারের মতো হামলার ঘটনা।
হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জোর দাবি জানান এনসিপির আহ্বায়ক। একইসঙ্গে সরকার ও হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ কোনোভাবেই স্তব্ধ করা যাবে না, ইনশাআল্লাহ।

