বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সব সমস্যা সমাধানে তারা প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তবে নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনও দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা, সে বিষয়ে তার কাছে এই মুহূর্তে কোনও তথ্য নেই বলে জানান তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আমরা অতীতেও বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী সম্পর্ক চায়। আর আমাদের কাছে বর্তমানে যে কাঠামোগত ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমেই আমরা সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এটাই আমাদের উদ্দেশ্য।
জাতিসংঘের উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরে তিনি বেশ কয়েকটি বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
এদিকে চলতি মাসে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। গত সপ্তাহে তিনি শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

