হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই ঘণ্টার সংঘর্ষ, আহত অর্ধশত
ইনডোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ হয়েছে। এ সময় ট্রাকের হেডলাইট ও টর্চলাইট জ্বালিয়ে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয়পক্ষের লোকজন। এতে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত মিরপুর বাজার এলাকায় এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর বাজারের একটি ইনডোর ফুটবল মাঠে বানিয়াগাঁও ও পশ্চিম জয়পুর এলাকার কয়েকজন যুবক খেলতে যান। খেলার একপর্যায়ে দুই যুবকের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে বিষয়টি দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় ট্রাকের হেডলাইট ও টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের ব্যবহার করা হয়। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের মধ্যে ট্রাকের চাপায় একজন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া সংঘর্ষের সময় কয়েকটি দোকান ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

