সুশিক্ষাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ডা. ইলিয়াছ একাডেমিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, সুশিক্ষাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এমপি ডা. জীবন আরও বলেন, একটি জাতির প্রকৃত উন্নয়ন নির্ভর করে শিক্ষিত, দক্ষ ও আদর্শ নাগরিক তৈরির ওপর। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আধুনিক মানসম্মত শিক্ষার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
ডা. ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক হেমায়েত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সাম্প্রতিক সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সভাপতি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও সহযোগী হওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় স্থান পাওয়া ও বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এসময় সংবর্ধিত শিক্ষার্থীদের উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ডা. ইলিয়াছ একাডেমির শিক্ষার পরিবেশ ও ফলাফলের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।

