ছাতকে ২১টি অবৈধ ড্রেজারসহ ৯ জন গ্রেফতার
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার সীমান্তের সোনালী চেলা নদীতে অসাধু সিন্ডিকেটের অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। অবাধে বালু তোলার কারণে তীব্র নদীভাঙনে ভিটেমাটি, ফসলি জমি ও ধর্মীয় প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হচ্ছেন কলাবাগান এলাকার মানুষ।
সোমবার বিকেলে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা অবস্থায় এলাকাবাসীর প্রত্যক্ষ সহযোগিতায় অভিযান চালায় ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম। তারা ২১টি অবৈধ ড্রেজার মেশিনসহ ৯ জনকে আটক করতে সক্ষম হয়। তবে শ্রমিকের আড়ালে থাকা সিন্ডিকেট চক্রের সদস্য কাউকে পুলিশ আটক করতে পারেনি। এরা সব সময় পর্দার আড়ালে থেকে যায় অদৃশ্য শক্তিরবলে।
গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ ঢালারপাড় গ্রামের মৃত মোহামদ আলীর ছেলে সাদেক মিয়া (২২), খাইরগাঁও গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে হোসেন মিয়া (৩৩), ইসলামপুর গ্রামের মমতাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও একই গ্রামের তৌফিক মিয়ার ছেলে সুমন মিয়া (৩০), মধ্যরাজনগর গ্রামের মৃত জিল্লু মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (২৫), মোস্তফানগরের ইন্তাজ মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৩১), একই গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে রাজ্জাক মিয়া (৩২), নয়াগাঙ্গেরপাড় গ্রামের তারা মিয়ার ছেলে তারেকুল ইসলাম তারেক (২৬), টুকেরগাঁর গ্রামের মনির মিয়ার ছেলে সেলিম মিয়া (৩০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিশ্চিত করেছেন।

