সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হবে
স্থানীয় সরকার নির্বাচনে সন্ত্রাসীদের ব্যবহার করে আবারও ভোট চুরির চেষ্টা হবে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, লাঠিয়াল বাহিনী বা সন্ত্রাসীদের জায়গা দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কানাইঘাটে এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।
নাহিদ ইসলাম বলেন, সংস্কার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকার নির্বাচনে কী হতে যাচ্ছে। এই সকল লাঠিয়াল বাহিনী, সন্ত্রাসীদের দিয়ে আবারও ভোট চুরি করা হবে, জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে। আপনাদের সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তা ঠেকাতে পারিনি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, লাঠিয়াল বাহিনী কিংবা সন্ত্রাসীদের জায়গা করতে দেব না।
তিনি বলেন, গত ১৬ বছর এই দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে। এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়া-ব্যবসা বন্ধ করুন, সন্ত্রাসবাদ বন্ধ করুন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষের কথা বলার অধিকার, কর্মসংস্থানের অধিকার ও খাবারের অধিকার নিশ্চিত করতে হবে।
কানাইঘাটের জনগণের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, যারা হামলা করেছে, যারা রাস্তায় ট্রাক ও ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দেবে, কানাইঘাটবাসী আজ তাদের ব্যর্থ প্রমাণ করেছে।”
তিনি অভিযোগ করেন, নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে এবং ‘নব্য স্বৈরাচার’ হওয়ার পথে এগোচ্ছে। তার ভাষ্য, “মানুষ কষ্টে আছে। গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়েছে। দুই দিন আগে টিসিবির লাইনে দাঁড়িয়ে এক নারী মারা গেছেন। কিন্তু বিরোধী দল হিসেবে আমরা এসবের সমালোচনা করতে পারি না। সমালোচনা করলেই আমাদের ওপর হামলা হচ্ছে, রাস্তায় ট্রাক ও বালুভর্তি ট্রাক ফেলে রাখা হচ্ছে। এটা তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর নমুনা।”
বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, গত ১৬ বছর তারা গণতন্ত্রের জন্য লড়াই করেনি। তারা অপেক্ষা করেছে ক্ষমতায় গিয়ে কীভাবে জনগণের ওপর জুলুম করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে এবং জমি দখল করবে।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি যদি স্বৈরাচার ও সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করবে। নিজেদের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার ও জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজদের মদদ দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, তবুও আমরা তারেক রহমানের সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করব না।
নাসিরউদ্দিন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে চারটি বিষয় পরিহারের আহ্বান জানিয়েছিলেন। এর মধ্যে ছিল চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করা। তিনি দাবি করেন, এসব প্রতিহত করতে না পারলে প্রধানমন্ত্রীর পদে থাকার যৌক্তিকতা নেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, যদি প্রতিহত করতে না পারেন, তাহলে বলে দিন আর চালাতে পারি না। আজই পদত্যাগ করুন, আমরা ক্ষমতা চালাতে পারব।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে নিহতদের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলনের মাঠ ছাড়বেন না। তার ভাষ্য, “ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ জন ভাই শহীদ হয়েছেন। তাদের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।”
পাটওয়ারী বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ৪০০ মারলে ১ হাজার ৪০০ প্রস্তুত আছি, ১ হাজার ৪০০ মারলে কোটি কোটি বাংলার তরুণ রাজপথে রক্ত দিতে প্রস্তুত। তবুও আমরা তারেক রহমানের সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করব না।

