সিলেট মহানগর যুব জমিয়তের তীব্র নিন্দা ও ক্ষমা চাওয়ার দাবি
আমীরে হেফাজত, শায়খুল হাদিস আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর প্রতি প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের কুরুচিপূর্ণ ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা।
সোমবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার এই ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের শ্রদ্ধা ও আবেগের স্থান। তিনি একজন শীর্ষস্থানীয় বুজুর্গ আলেম এবং জাতির অভিভাবক। সাংবাদিকতার নামে ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে বসে সস্তা জনপ্রিয়তার আশায় দেশের সম্মানিত আলেম-উলামাদের টার্গেট করে বিষোদগার করে আসছেন। আমীরে হেফাজতকে নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য কেবল চরম ধৃষ্টতাই নয়, বরং সাংবাদিকতার নূন্যতম নীতিমালারও পরিপন্থী।
যুব জমিয়ত নেতৃবৃন্দ আরও বলেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ একজন বর্ষীয়ান আলেমে দ্বীনের শানে এমন নোংরা ভাষা ব্যবহার করতে পারে না। ইলিয়াস হোসেনের এই হীন বক্তব্য তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এই ধৃষ্টতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে সাংবাদিক ইলিয়াস হোসেনকে তাঁর কুরুচিপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায়, সাইবার অপরাধ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে এদেশের যুব সমাজ ও তৌহিদী জনতা তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
যৌথ বিবৃতিতে নিন্দা ও একাত্মতা প্রকাশ করেন মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুল আহাদ আল আতিক, মাওলানা ফয়জুল হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

