২৫ জুলাইয়ের সমাবেশ সফল করতে আলিয়া মাঠ পরিদর্শনে ১১ দলীয় ঐক্যের নেতারা
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১১ দলীয় ঐক্য’-এর সর্বশেষ বিভাগীয় সমাবেশ। এই সমাবেশ থেকেই পরবর্তী নতুন জাতীয় কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জোটের কেন্দ্রীয় নেতা ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সোমবার (২০ জুলাই) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আগামী ২৫ জুলাইয়ের এই বিভাগীয় সমাবেশ সফল করতে জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দকে নিয়ে মাঠের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি।
মাঠ পরিদর্শন শেষে অ্যাডভোকেট জুবায়ের বলেন, রাজশাহী থেকে শুরু হওয়া আমাদের বিভাগীয় সমাবেশ কর্মসূচির সমাপ্তি ঘটবে আধ্যাত্মিক নগরী সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। বৈরী আবহাওয়া সত্ত্বেও দেশের প্রতিটি বিভাগে জনতার ঢল নেমেছে। আমরা প্রত্যাশা করি, সিলেটের সমাবেশেও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে। এই মঞ্চ থেকেই জাতীয় নেতৃবৃন্দ আগামীর চূড়ান্ত আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করবেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় বাস্তবায়ন অপরিহার্য। কিন্তু বর্তমান সরকার একদলীয় শাসনের দিকে হাঁটছে। দেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষ ওসমানী বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে ধীরগতির কারণে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। সমাবেশে এসব আঞ্চলিক দাবিগুলোও জোরালোভাবে তুলে ধরা হবে।
২৫ জুলাই (বৃহস্পতিবার) বেলা ২টায় আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
সোমবার মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, বিকেএম মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, বিডিপি মহানগর সভাপতি কবির আহমদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।
নেতৃবৃন্দ সিলেটের ৪টি জেলা ও মহানগরের ১১ দলীয় ঐক্যের সকল নেতাকর্মীসহ সাধারণ সিলেটবাসীকে ২৫ জুলাইয়ের সমাবেশ সফল করার আহ্বান জানান।

