নৈতিক মূল্যবোধ ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের ধর্মীয় শিক্ষা অপরিসীম
জৈন্তাপুরে ছাবাহী শিক্ষা বোর্ডের কৃতি সংবর্ধনায় বক্তারা
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে মসজিদ ভিত্তিক ৩য় কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৪টায় চিকনাগুল বাজারস্থ আল মাসিম মার্কেট হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোর্ডের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা হিফজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্করের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষ প্রয়োজন। আর সেই ভিত্তি তৈরি হয় মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা ও পারিবারিক ধর্মীয় চর্চার মাধ্যমে। বর্তমান সময়ে আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে পবিত্র ক্বোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। অথচ আজ অনেক অভিভাবক জাগতিক শিক্ষার পেছনে ছুটলেও ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে উদাসীন থাকেন।
তারা আরও বলেন, শিশুদের সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে মসজিদ ভিত্তিক শিক্ষাকে আরও বেগবান করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আব্দুর রউফ, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজারের শিক্ষক আলহাজ ফরিদ উদ্দিন রাজাগঞ্জী, বোর্ডের উপদেষ্টা মাওলানা সালিক আহমদ ও আব্দুস সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ডের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, মাওলানা জাকারিয়া আহমেদ, ইউসুফ আহমেদ, মাওলানা কয়েছ আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, হাফিজ আব্দুর রশিদ, তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম, মুরাদ হাসান ও সোয়েব রানা প্রমুখ।
উল্লেখ্য, চিকনাগুল ইউনিয়নের ৩২টি মসজিদ মক্তবের শিক্ষার্থীরা এই কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মেধা তালিকায় স্থান পাওয়া ১৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে টি-শার্ট ও হিজাব বিতরণ করা হয়। মসজিদ ভিত্তিক ধর্মীয় শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন শিক্ষককেও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা আব্দুর রউফ।

