নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেফতার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য। এছাড়াও তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী, উপজেলা তারেক পরিষদের যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেবপাড়া ইউনিয়নের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইন আহমেদের পরিচয় হয়। এরপর থেকেই তিনি ওই নারীকে বিয়ের প্রলোভনসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন। গত সোমবার গভীর রাতে হোসাইন ওই নারীর পৈত্রিক বাড়িতে যান এবং পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ধর্ষণের সময় ভুক্তভোগীর চিৎকার শুনে তাঁর বাবা-মা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত হোসাইনকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

