মালয়েশিয়ার দুই শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সাথে শাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের লক্ষ্যে মালয়েশিয়ার দুই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে পৃথক দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউএম) এবং আইএনটিআই (INTI) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
গতকাল সোমবার (৩০ মার্চ) মালয়েশিয়ার আইআইইউএম-এর গোম্বাক ক্যাম্পাসের রেক্টর কার্যালয়ে প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এই চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হলো।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে শাবিপ্রবির দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা পরিচালনা, অ্যাকাডেমিক বিনিময় এবং উদ্ভাবনী প্রযুক্তি আদান-প্রদানের পথ প্রশস্ত হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষেত্রে এই বৈশ্বিক সম্পৃক্ততা দুই দেশের উচ্চশিক্ষা খাতে সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
পৃথক দুটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর জ্যেষ্ঠ শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শাবিপ্রবি প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণায় অংশগ্রহণের সুযোগ পাবেন, যা শাবিপ্রবির সামগ্রিক শিক্ষা ও গবেষণার মানকে আরও উন্নত করবে।
