জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনকালে পাড় ধসে যুবকের প্রাণহানি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় রংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে নদীর পাড় ধসে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আদর্শ গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। পেশায় তিনি একজন পরিবহন শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপানি নদীর তীরবর্তী মিনাটিলা সীমান্তের ৩০০ ফুটের মধ্যে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। প্রতিদিনের মতো আজ ভোরে বালু উত্তোলনের সময় হঠাৎ পাড়ের একটি বিশাল স্তূপ ধসে পড়ে। এসময় সেখানে অবস্থানরত আব্দুর রহমান বালুর নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটির পাড় ধসে ওই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী এলাকায় এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন ও প্রাণহানির ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

