নবীগঞ্জে ক্লাস চলাকালীন টিকটক ভিডিও তৈরি, ৩ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক ভিডিও তৈরির অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক স্বাক্ষরিত এক নোটিশে এ বহিষ্কারের আদেশ জারি করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সর্দারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল রকিব (রোল নং–১০১), শেরপুর গ্রামের মো. আমির খানের ছেলে নাঈম খান (রোল নং–৭৬) এবং বড় শাখোয়া গ্রামের কাওছার মিয়ার ছেলে ইমানী মিয়া (রোল নং–৬৪)।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে ক্লাস চলাকালীন সময় ওই তিন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করে টিকটক বানায়। বিষয়টি শিক্ষকরা লক্ষ্য করলে তদন্তের পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় অভিভাবকরা শিক্ষার্থীদের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করে বিদ্যালয়ে শৃঙ্খলা ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

