ছাতকে শিক্ষার্থীদের মধ্যে ছাতা উপহার দিলো উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম
সুনামগঞ্জের ছাতকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম’ এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিন ব্যাপী এলাকার নোয়ারাই ইসলামপুর মাদরাসা, নোয়ারাই ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরটিল্লা সুনুমিয়া প্রাথমিক বিদ্যালয়, কুমারদানী ইবতেদায়ী মাদরাসা, হাদা-পান্ডব দাখিল মাদরাসা, লক্ষিবাউর বাজার দাখিল মাদরাসা, জয়নগর হিফজুল কোরআন মাদরাসা, শাহ আরফিন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়গল্লা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, জোড়াপানি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, নোয়ারাই মাওলানা হাছন আলী (রহঃ) মাদরাসা, জোড়াপানি আল আরজ সুফিয়া হিফযুল কুরআন মাদরাসা ও খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। প্রচণ্ড রোদ ও বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের যাতায়াতকে কিছুটা সহনীয় করে তোলার লক্ষ্যে ফোরামের সদস্যরা নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেন।
ফোরামের সভাপতি মো. মুরাদ আহমদ বলেন, সমাজের শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের শুধু বই-পুস্তক নয়, হেমন্ত-বর্ষায় রোদ বৃষ্টিতে সুরক্ষা পাওয়ার মতো একটি ছাতাও হতে পারে শিক্ষায় এগিয়ে যাওয়ার অনুঘটক। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের পথচলাকে সামান্য হলেও সহজ করবে বলে তিনি বিশ্বাস করেন।
ছাতা পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিলো তৃপ্তির হাসি। তাদের একজন বলেন, এখন আর রোদ-বৃষ্টিতে কষ্ট করে স্কুলে যেতে হবে না। নতুন ছাতাটা অনেক ভালো লাগছে। স্থানীয় এক শিক্ষক বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়ায়। বিশেষ করে যারা আর্থিকভাবে দুর্বল, তারা সমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্য মনে করে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম’ দীর্ঘদিন ধরে ইসলামী, নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফোরামের সভাপতি মো. মুরাদ আহমদ, সহ-সভাপতি মাওলানা সেলিম হোসেন, সামছু উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমীন।

