ছাতকে নীপা ফার্মেসিতে ৫ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জের ছাতক উপজেলায় গাইনি চিকিৎসক সঙ্কটকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রভাবশালী ডাক্তার-ফার্মেসি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার ছাতক ট্রাফিক পয়েন্টে অবস্থিত বিতর্কিত নীপা ফার্মেসিতে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২-এর সেকশন ১৩(২) ধারায় ফার্মেসিটিকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে যাতে এমন অনিয়ম না ঘটে, সেজন্য প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্কও করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং সর্বোচ্চ জরিমানা করেছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

