নবীগঞ্জে নজির ডাকাত গ্রেফতার
হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭টি ডাকাতি মামলার আসামি নজির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতারকরা হয়। তিনি উপজেলার ইমামবাঐ গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার নজির মিয়া একজন দুর্ধর্ষ ডাকাত। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার সদর, রাজনগর, শ্রীমঙ্গল থানা ও নবীগঞ্জ থানায় মোট সাতটি ডাকাতির মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামে লন্ডনপ্রবাসী মিজানুর রহমান চৌধুরীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। মুখোশধারী ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুট করে। এ সময় ডাকাতেরা মিজানুর রহমানের ছোট ভাই মুফতি ছিদ্দিকুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় করা মামলায় নজির মিয়াকে আসামি করা হয়।

