শাবির ২০২০-২১'র বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উন্নয়নমুখী কার্যক্রমে গতিশীলতা নিয়ে আসতে বিগত অর্থবছরের বার্ষিক কার্যক্রম তুলে ধরে 'বার্ষিক প্রতিবেদন ২০২০-২১' প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মোড়ক উন্মোচনকালে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন দিক প্রতিফলিত হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের নানামুখী সাফল্যের পাশাপাশি বিরাজমান সংকট ও সমস্যা চিহ্নিত করা সম্ভব হয় এ প্রতিবেদনের মাধ্যমে। যা শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল করে। এর প্রেক্ষিতে বছরভিত্তিক এ প্রতিবেদনে সমস্যা ও সংকট তুলে ধরে সমাধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে গতিশীল রাখারএ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা বলেন উপাচার্য।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রতিবেদন সম্পাদনা ও প্রকাশনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ ও 'বার্ষিক প্রতিবেদন ২০২০-২১' এর সম্পাদনা ও প্রকাশনা কমিটির সদস্যবৃন্দ।
