ছাতকে ড্রেজার দিয়ে সুরমা নদী থেকে বালু ও ভিটেমাটি উত্তোলনের অভিযোগ
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও ভিটেমাটি উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে দিন-রাত ড্রেজার বসিয়ে নদী থেকে এসব বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে।
শনিবার, রোববার ও সোমবার টানা তিন দিন সরেজমিনে দেখা যায়, ছাতক সদর ইউনিয়নের বাউসা-কেশবপুর গ্রামসংলগ্ন সুরমা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও ভিটেমাটি উত্তোলন করে নৌকায় বোঝাই করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত এক সপ্তাহ ধরে ওই স্থানসহ পার্শ্ববর্তী চাইরচিরা, রনমঙ্গল ও প্রতাপপুর গ্রামসংলগ্ন নদী এলাকায় একইভাবে দিন-রাত বালু ও মাটি উত্তোলন চলছে।
স্থানীয়দের অভিযোগ, এসব কার্যক্রমের নেপথ্যে কারা রয়েছে, তা স্পষ্ট না হলেও শ্রমিকেরা প্রকাশ্যেই নদীর বুকে ড্রেজার বসিয়ে বালু ও মাটি তুলছেন। উত্তোলিত বালু ও ভিটেমাটি নির্মাণাধীন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কাজে সরবরাহ করা হতে পারে বলেও ধারণা করছেন তাঁরা।
এভাবে নদী থেকে বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ, তীরবর্তী এলাকা ও জনবসতি ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ভাষ্য, সুরমা নদীর ভাঙনে ইতোমধ্যে দক্ষিণ পাড়ের মল্লিকপুর, মাছুখালী, আন্ধারীগাঁও ও বাউসা-কেশবপুর এবং উত্তর পাড়ের লক্ষীবাউর ও বেতুরা গ্রামের অসংখ্য কৃষিজমি, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে। নদীভাঙনে সরকারি কাঁচা-পাকা সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় এখনো ভাঙন অব্যাহত রয়েছে। জমি ও বসতভিটা হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
সুরমার দক্ষিণ পাড়ের এক বাসিন্দা জানান, শুধু বাউসা-কেশবপুর গ্রামের জমি ভেঙে নদীর বিপরীত পাড়ে প্রায় ১ হাজার ১০০ একরের বিশাল চর সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাবশালী একটি মহল প্রশাসনকে ম্যানেজ করে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, গত এক সপ্তাহ ধরে ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যে দিন-রাত বালু ও ভিটেমাটি উত্তোলন করা হলেও বিষয়টি তাঁদের জানা নেই বলে জানিয়েছেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দু রায়।
নদী থেকে বালু ও মাটি উত্তোলনের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদীতীরবর্তী বাসিন্দারা। একই সঙ্গে উত্তোলনের বৈধতা, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং কোনো প্রভাবশালী মহলের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
