দিরাইয়ে আমন্ত্রণ না পেয়ে শিক্ষা সপ্তাহের অনুষ্ঠান বর্জন শ্রেষ্ঠ অধ্যক্ষ ও শিক্ষকের
সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত দুই শিক্ষক। প্রাতিষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণপত্র কিংবা সরাসরি কোনো তথ্য না পাওয়ায় অনুষ্ঠানটিতে অংশ নেননি দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজটির এক জ্যেষ্ঠ প্রভাষক। বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।
জানা যায়, এবারের প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হন দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার। একই সঙ্গে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় দিরাই সরকারি ডিগ্রি কলেজ। অন্যদিকে, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক সন্দীপন দাস। অথচ এই গুণী শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদেরই অনুষ্ঠানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অনুষ্ঠানে উপস্থিত না থাকার বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, আমাকে প্রাতিষ্ঠানিকভাবে কোনো চিঠি কিংবা ফোন করে আমন্ত্রণ জানানো হয়নি। কোনো তথ্য না থাকায় সম্মান বজায় রাখতে আমি অনুষ্ঠানে যাইনি।
ক্ষোভ প্রকাশ করে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া প্রভাষক সন্দীপন দাস বলেন, আমি মনে করি, এটি আয়োজকদের চরম দায়িত্বহীনতা ও ব্যর্থতা। আমাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হলো, পুরস্কার প্রদান করা হবে—অথচ অনুষ্ঠানের দিন কিংবা সময়টুকুও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না আয়োজকরা।
এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কালাম আজাদ নিজের ভুলের কথা স্বীকার করে বলেন, আমি একই সঙ্গে চারটি উপজেলার দায়িত্বে আছি এবং এখানে নতুন যোগদান করেছি। ফলে সবার মোবাইল নম্বর আমার জানা ছিল না। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেই বার্তা পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম।
তিনি আরও বলেন, আমি স্বীকার করছি এখানে আমাদের যোগাযোগে ত্রুটি হয়েছে। সরাসরি যোগাযোগ করা উচিত ছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।
