মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও জেলা যুবলীগ নেতা গ্রেফতার
মৌলভীবাজারে পৃথক অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান এবং জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছোট ছেলে।
পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁর বাবা সাবেক এমপি নেছার আহমেদ পলাতক রয়েছেন।
অন্যদিকে, পৃথক অভিযানে জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ২ নভেম্বর দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তিনিও ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

