গাছ বাঁচাতে কমলগঞ্জে পেরেক ও সাইনবোর্ড অপসারণে নামলেন তরুণরা
গাছের গায়ে নির্মমভাবে পেরেক ঠুকে বিজ্ঞাপনী সাইনবোর্ড সাঁটানোর বিরুদ্ধে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। গাছের ক্ষত সারাতে এবং পরিবেশ রক্ষায় গাছ থেকে পেরেক ও সাইনবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেছেন কমলগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সৈয়দ জামাল হোসেন। এ মহতী কাজে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় একদল পরিবেশসচেতন তরুণ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কমলগঞ্জ উপজেলা-মুন্সীবাজার সড়কের দুই পাশের গাছ থেকে পেরেক ও বিজ্ঞাপনী বোর্ড অপসারণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।
উদ্যোক্তা সৈয়দ জামাল হোসেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের বাঁচিয়ে রাখতে অক্সিজেন দেয়। অথচ নির্মমভাবে বাণিজ্যিক প্রচারের জন্য গাছের গায়ে পেরেক ঠোকা হচ্ছে। এতে গাছে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং একপর্যায়ে গাছ শুকিয়ে মারা যায়। তাই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই গাছের সুরক্ষায় সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
তিনি আরও জানান, মুন্সীবাজার সড়ক থেকে শুরু হওয়া এ পরিচ্ছন্নতা অভিযান পর্যায়ক্রমে কমলগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিচালিত হবে। পাশাপাশি গাছে পেরেক মেরে বিজ্ঞাপন সাঁটানো থেকে বিরত থাকতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
এ ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় আহমেদ রেজা ও সালাউদ্দিন বলেন, “বিভিন্ন কোচিং সেন্টার, রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণার কারণে শত শত গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছকে এভাবে ক্ষতবিক্ষত করা বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
আরেক বাসিন্দা রাসেল আহমেদ বলেন, আমরা গাছের ছায়া ও অক্সিজেন নিলেও এর সুরক্ষার বিষয়ে সচেতন থাকি না। তরুণদের নিয়ে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ও শিক্ষণীয়। এই সচেতনতা সর্বত্র ছড়িয়ে পড়া দরকার।
