জৈন্তাপুরে সারীঘাট বালু-পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘সারীঘাট বালু-পাথর ব্যবসায়ী সমিতি (রেজি. নং-৯৮)’-এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মো. সালেহ আহমদ সভাপতি এবং মো. মাসুক উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে সারীঘাটস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমিতির ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে লোকমান আহমদ এবং অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান ও হুসেন আহমদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুশতাক আহমদ।
ভোটগ্রহণ চলাকালে নির্বাচন পর্যবেক্ষণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, বর্তমান ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল এবং সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।
এদিকে দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সমিতির সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় ভোটার ও ব্যবসায়ীরা নির্বাচন পরিচালনা কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

