সুনামগঞ্জে ডিসি ও এসপির মণ্ডপ পরিদর্শন
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
শনিবার (১৭ অক্টোবর) সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান পৌর এলাকার গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তাঁরা সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে সকলের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে সুনামগঞ্জ জেলা প্রশাসন বদ্ধপরিকর। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুনজিত কুমার চন্দ, স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
