‘লালন সাঁই আজীবন সাম্য ও মানবতার কথা বলে গেছেন’
লোকগানের সম্রাট ও বাউল শিরোমণি ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, লালন সাঁই ছিলেন একজন মহান মানবতাবাদী সাধক। তিনি আজীবন জাত-পাত ও ধর্মের ভেদাভেদ ভুলে সাম্য এবং মানবতার জয়গান গেয়ে গেছেন। তাঁর এই সার্বজনীন মানবতাবাদী দর্শন আজও সমান প্রাসঙ্গিক। লালনের গান ও জীবনাদর্শন নিয়ে বর্তমানে দেশ-বিদেশের বহু গবেষক গভীরভাবে গবেষণা করছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ইনার উদ্দিন ফাহিম।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও লেখক-গবেষক সুভাষ উদ্দিন এবং সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতিপ্রেমী, সুধীজন ও শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
