মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৮টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে সায়হাম গ্রুপ। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ অরুণ কুমার নাগের সভাপতিত্বে এবং মাধবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ।
সভায় বক্তারা বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলের নির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাটের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে মাধবপুরের সনাতন ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ।
বক্তারা আরও জানান, এ বছর উপজেলায় ১১৮টি মণ্ডপে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তাঁরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক হিমাংশু দেব, অধ্যাপক পঙ্কজ রায়, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোজ কান্তি পাল, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, পৌর আহ্বায়ক সুরঞ্জন পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল, আধাঐর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ১১৮টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ।
