রিয়াদে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা
বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সেশনের উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটির প্রধান উপদেষ্টা ও রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এ.বি.এম. বুলবুলের সঞ্চালনায় শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদের সানসিটি পলি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদের ভাইস প্রিন্সিপাল দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও লেখক শাহজাহান চঞ্চল, বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ মহসিন, প্রিন্স সাত্তাম ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহমুদুজ্জামান, জালালাবাদ অ্যাসোসিয়েশন রিয়াদ শাখার সভাপতি মো. ইসমাঈল, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা আলীম উদ্দীন মাহমুদ, উপদেষ্টা আবুল খায়ের বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. এরশাদ আলী, সহ-সভাপতি খালেদ শাহাব উদ্দিন, প্রবাসী সাংবাদিক ফোরামের উপদেষ্টা বশির আহমদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সাফল্য প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্ব ও আনন্দের বিষয়।
সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ মাসুক বলেন, আজকের আয়োজনের মূল প্রেরণা আমাদের মেধাবী শিক্ষার্থীরা। তাদের সাফল্য আমাদের আনন্দিত ও আশাবাদী করে। আমি বিশ্বাস করি, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে পরিবার, সমাজ, দেশ ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে তাদের আগামীর পথচলা জ্ঞান, সাফল্য ও মানবিকতায় সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে অনুষ্ঠানের আয়োজক, অতিথি, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
