ওমানে নিখোঁজ হবিগঞ্জের যুবক, ১৮ দিন ধরে যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে
জীবিকার তাগিদে প্রায় ছয় বছর আগে ওমানে পাড়ি জমানো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খলিলুর রহমান রিফাত (২৭) নামের এক যুবক গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি রাজধানী মাসকাটের একটি রেস্তোরাঁয় কাজ করতেন। ছেলের কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা।
নিখোঁজ রিফাত চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের আজিজুল হকের দ্বিতীয় সন্তান।
পরিবারের সদস্যরা জানান, প্রবাসে থাকলেও রিফাত নিয়মিত মুঠোফোনে তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। কিন্তু ১৮ দিন আগে শেষবার কথা বলার পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। প্রথমে নেটওয়ার্কের সমস্যা মনে করলেও দীর্ঘ দিনেও কোনো খোঁজ না মেলায় পরিবারের দুশ্চিন্তা বহুগুণ বেড়ে যায়।
রিফাতের সন্ধান পেতে ওমানে থাকা তাঁর সহকর্মী, রুমমেট ও পরিচিত প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ তাঁর সুনির্দিষ্ট অবস্থান জানাতে পারেননি। এমনকি তিনি মাসকাটের যে রেস্তোরাঁয় কাজ করতেন, সেখানকার বিদেশি মালিকের কাছ থেকেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
ছেলের শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা সাফিয়া আক্তার। তিনি আকুল আবেদন জানিয়ে বলেন, "আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন দিত। ১৮ দিন ধরে আমার বুকটা খালি। আমার ছেলে বেঁচে আছে কি না, তাও জানি না। ছেলেকে খুঁজে পেতে আমি সরকার ও প্রবাসী ভাইদের কাছে সাহায্য চাই।"
ছেলের সন্ধানে রিফাতের বাবা আজিজুল হক বিভিন্ন মহলে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে ওমানে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করা হয়েছে।
মাসকাটে অবস্থানরত কোনো প্রবাসী বাংলাদেশি খলিলুর রহমান রিফাতের সন্ধান পেলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ জন্য ০১৯২৮২৯০৫৫৪ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে।

